পর্যটনে ডিজিটাল বিপ্লব! এক ক্লিকেই বুকিং, পেমেন্ট থেকে রুমের হালহদিস, নতুন পোর্টাল আনল রাজ্য
পর্যটকদের সুবিধার্থে এবার ডিজিটাল পরিষেবায় বড়সড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের (WBTDCL)। পর্যটকদের বুকিং সংক্রান্ত হয়রানি কমাতে এবং রাজ্যের পর্যটন ব্যবস্থাকে আরও আধুনিক করে তুলতে চালু হল নতুন বুকিং পোর্টাল। এবার এক ক্লিকেই জানা যাবে পর্যটন লজের ঘর খালি আছে কি না, করা যাবে অনলাইন বুকিং, এমনকী বুকিংয়ের স্ট্যাটাসও দেখা যাবে সহজেই। শুধু তাই নয়, প্রতিটি পর্যটন সম্পত্তির ছবি, পরিষেবা সংক্রান্ত বিস্তারিত তথ্যও মিলবে এই পোর্টালে। কার্ড এবং QR কোডের মাধ্যমে অনলাইন পেমেন্টের সুবিধাও থাকছে।
নতুন পোর্টালের উদ্বোধন উপলক্ষে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানান, WBTDCL-এর অধীনে বর্তমানে ৪০টি পর্যটন সম্পত্তি রয়েছে, যেখানে মোট ৮১৪টি ঘর রয়েছে। এতদিন পুরনো ওয়েবসাইটের কার্যকারিতা নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। পর্যটকদের একাংশের অভিযোগ ছিল, বুকিং প্রক্রিয়া যথেষ্ট সহজ ও কার্যকর ছিল না। সেই সমস্যার সমাধান করতেই নতুন ইউজার-ফ্রেন্ডলি বুকিং পোর্টাল চালু করা হল। প্রতিটি পর্যটন সম্পত্তিতে পর্যটকদের আনাগোনা বাড়ানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
শুধু বুকিং নয়, পর্যটনের প্রচারেও এবার ডিজিটাল মাধ্যমকে হাতিয়ার করতে চাইছে রাজ্য। প্রতিটি পর্যটন গন্তব্যের ৩০ সেকেন্ডের ভিডিও আপলোড করা হবে পোর্টালে। পর্যটন কেন্দ্রের আকর্ষণ, ইতিহাস এবং স্থানীয় গল্প তুলে ধরতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ‘স্টোরি টেলিং’-এ। পাশাপাশি, ভবিষ্যতে আরও একটি ওয়েবসাইট বা অ্যাপ চালুর পরিকল্পনা রয়েছে, যেখানে রেজিস্টার্ড হোটেল, ট্যুর অপারেটর এবং ট্যুরিস্ট গাইডদের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। MSME-র মাধ্যমে দক্ষ পর্যটন গাইড তৈরির উদ্যোগও নেওয়া হবে।
পর্যটকদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে পোর্টালে রাখা হবে রিভিউ দেওয়ার ব্যবস্থাও। শঙ্কর ঘোষের কথায়, সমালোচনা আমাদের সামনে আয়না ধরতে সাহায্য করে। ফলে পর্যটকদের অভিজ্ঞতা এবং মতামতকে কাজে লাগিয়ে পরিষেবার মান উন্নত করার পরিকল্পনা রয়েছে।
রাজ্যের প্রতিটি জেলাতেই পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে বলে দাবি মন্ত্রীর। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে মার্কেটিং ও ব্র্যান্ডিং—সব ক্ষেত্রেই জোর দেওয়া হবে। কিছু ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে কাজ করার পরিকল্পনা রয়েছে। পর্যটন সম্পত্তির অপারেশন, রেস্তরাঁ পরিচালনার মতো কিছু দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার ভাবনাও রয়েছে। সেই লক্ষ্যে খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া শুরু হতে পারে।
এছাড়াও, নতুন বুকিং পোর্টালে পর্যটন প্যাকেজ এবং তীর্থযাত্রার বুকিংয়ের ব্যবস্থা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। যেসব পর্যটন কেন্দ্রে প্রবেশের জন্য টিকিট কাটতে হয়, সেখানেও অনলাইন টিকিটিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে। বেঙ্গল সাফারির কিছু অংশের টিকিট অনলাইনে পাওয়া যায় কি না, তা নিয়ে বন দফতরের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন পর্যটনমন্ত্রী।
সব মিলিয়ে, বুকিংয়ের জটিলতা কাটিয়ে পর্যটন পরিষেবাকে এক ছাতার তলায় আনা এবং রাজ্যের পর্যটন মানচিত্রকে আরও আকর্ষণীয় করে তোলাই নতুন এই ডিজিটাল উদ্যোগের লক্ষ্য।