রাজনৈতিক পরিবর্তন হলেও মানসিকতার পরিবর্তন হয়নি! জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে দলের কর্মীদের বার্তা পর্যটনমন্ত্রী শংকর ঘোষের
দুর্গাপুর: রাজ্যে রাজনৈতিক পরিবর্তন হলেও মানুষের মানসিকতার পরিবর্তন হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। বিভিন্ন ঘটনায় সেই উপলব্ধি হচ্ছে বলে মন্তব্য করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে ফের দলের কর্মীদের সচেতন হওয়ার বার্তা দিলেন তিনি।
মন্ত্রী বলেন, “বারবার বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে যখন নানা খবর দেখি, তখন মাঝে মাঝে মনে হয়, আমাদের রাজ্যে রাজনৈতিক পরিবর্তন হলেও মানসিকতার পরিবর্তন হতে আরও বেশ কিছুটা সময় লাগবে। তবে সেই পরিবর্তন আমরা নিশ্চিতভাবেই করতে সক্ষম হব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা এই কাজ করবই। দলের পক্ষ থেকে আপনাদের এই আশ্বাস দিতে পারি।”দুর্গাপুরের এসবি মোড়ে স্বপ্ন উড়ান আয়োজিত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ এবং সাংসদ মনোজ তিওয়ারি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক, পুলিশ কমিশনার, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়-সহ প্রশাসনের একাধিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। পুজোর উদ্বোধনী মঞ্চ থেকে মন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক পরিবর্তনের পরও দলের কর্মীদের আচরণ ও মানসিকতার পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা কার্যত স্পষ্টভাবেই তুলে ধরলেন তিনি।