সীমান্তে পাচারের আগেই ফরাক্কায় গ্রেফতার ১, উদ্ধার ৭টি মহিষ ও ১৫০ বোতল কফ সিরাপ।
সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কা থানার পুলিশের হাতে ধরা পড়ল এক পাচারকারী। মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদের ফরাক্কার অর্জুনপুর দিয়ারাপাড়া গঙ্গাঘাটে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি উদ্ধার করা হয়েছে ৭টি মহিষ এবং ১৫০ বোতল কফ সিরাপ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দিয়ারাপাড়া গঙ্গার ঘাটে একটি নৌকা থেকে মহিষ সহ প্রথমে আলম শেখ (৪৩) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। ধৃত ব্যক্তির বাড়ি ফরাক্কার পারসুজাপুর এলাকায়। পরবর্তীতে নৌকায় তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ থেকে ১৫০ বোতল কফ সিরাপ উদ্ধার হয়। মহিষ ও কফ সিরাপের কোন বৈধ নথিপত্র না থাকায় তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নৌকাযোগে মহিষ ও কফ সিরাপ প্রথমে মালদার বৈষ্ণবনগর এলাকায় নিয়ে যাওয়ার কথা ছিল। সেখান থেকে চরাঞ্চল পেরিয়ে পদ্মার জলে ভাসিয়ে সেগুলি বাংলাদেশে পাচারের ছক কষেছিল পাচারকারীরা। বুধবার সকালে ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর আদালতে পাঠায় ফরাক্কা থানার পুলিশ। এই আন্তঃসীমান্ত পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।