ক্যামাক স্ট্রিটের বহুতলে অগ্নি-নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ, ষষ্ঠ ও সপ্তম তলা খালি করার নির্দেশ
কলকাতা, ৪ সেপ্টেম্বর: অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত একাধিক গাফিলতির অভিযোগে কলকাতার ক্যামাক স্ট্রিটের একটি বহুতলের ষষ্ঠ ও সপ্তম তলা অবিলম্বে খালি করার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ দমকল ও জরুরি পরিষেবা দফতর।
পশ্চিমবঙ্গ দমকল ও জরুরি পরিষেবার ডিরেক্টর-ইন-চার্জের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ৯, অবনীন্দ্রনাথ ঠাকুর সরণি (ক্যামাক স্ট্রিট), কলকাতা-৭০০০১৭-এর ওই দুই তলার মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা কার্যকর না করার অভিযোগ উঠেছে।
দমকল দফতরের তরফে জানানো হয়েছে, অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত গাফিলতি নিয়ে মালিককে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ওই শুনানিতে উপস্থিত হননি। যদিও ওই তলার দখলদার বা ব্যবহারকারীদের প্রতিনিধিরা শুনানিতে উপস্থিত হয়ে লিজ চুক্তির একটি প্রতিলিপি জমা দেন এবং নিজেদের বক্তব্য জানান।
লিজ চুক্তি এবং প্রতিনিধিদের বক্তব্য খতিয়ে দেখে দমকল দফতরের দাবি, প্রয়োজনীয় অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা স্থাপন ও কার্যকর করা এবং ফায়ার সেফটি সার্টিফিকেট (FSC) সংগ্রহের দায়িত্ব সংশ্লিষ্ট মালিকের উপরেই বর্তায়। পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিসেস অ্যাক্ট, ১৯৫০-এর ১১সি ধারার উল্লেখ করে দফতর জানিয়েছে, সমস্ত অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত সুপারিশ কার্যকর করার পর ফায়ার সেফটি সার্টিফিকেট সংগ্রহের দায়ও মালিকের।
দমকল সূত্রে আরও জানা গিয়েছে, ওই ২ বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর ও সাততলা বিশিষ্ট বাণিজ্যিক ভবনের রিনিউয়াল ফায়ার সেফটি সার্টিফিকেট ১০ আগস্ট ২০২৩ সালে তিন বছরের জন্য জারি করা হয়েছিল। যদিও ওই শংসাপত্রের মেয়াদ শেষ হওয়ার আগে তা পুনর্নবীকরণের সুপারিশ করা হয়েছিল বলে দাবি দফতরের। অভিযোগ, নির্দিষ্ট সময়ের মধ্যে সেই পুনর্নবীকরণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি।
দমকল দফতরের মতে, প্রয়োজনীয় অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না হওয়া এবং ব্যবস্থার ঘাটতির কারণে ভবনের সংশ্লিষ্ট ষষ্ঠ ও সপ্তম তলা অগ্নি ও জীবন সুরক্ষার দিক থেকে অনিরাপদ হয়ে উঠেছে। এর ফলে ভবনে থাকা মানুষজন, সম্পত্তি এবং আশপাশের এলাকার নিরাপত্তার ক্ষেত্রেও গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট দুই তলার মালিককে অবিলম্বে ওই অংশ খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সমস্ত অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা যথাযথভাবে কার্যকর করে প্রয়োজনীয় রিনিউয়াল ফায়ার সেফটি সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত ওই ষষ্ঠ ও সপ্তম তলা কোনওভাবেই ব্যবহার করা যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ দমকল ও জরুরি পরিষেবা দফতর।