AMAR BANGLA NEWS

বড়সড় অভিযানে গ্রেপ্তার তৃণমূলের প্রভাবশালী নেতা অজিত সাহা ও তাঁর ভাই সুজিত সাহা

বড়সড় অভিযানে গ্রেপ্তার তৃণমূলের প্রভাবশালী নেতা অজিত সাহা ও তাঁর ভাই সুজিত সাহা উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে পুলিশের বড়সড় অভিযানে...

বড়সড় অভিযানে গ্রেপ্তার তৃণমূলের প্রভাবশালী নেতা অজিত সাহা ও তাঁর ভাই সুজিত সাহা

উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে পুলিশের বড়সড় অভিযানে গ্রেপ্তার হলেন তৃণমূলের প্রভাবশালী নেতা তথা জেলার জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ অজিত সাহা এবং তাঁর ভাই সুজিত সাহা। একাধিক দুর্নীতির অভিযোগ ও বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে এই গ্রেপ্তারি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তথ্য পেয়ে গোবরডাঙ্গা থানার পুলিশ সুজিত সাহার বাড়িতে তল্লাশি চালায়। সেই তল্লাশিতে উদ্ধার হয় নগদ ২৭ লক্ষ ৮ হাজার ২০০ টাকা। পাশাপাশি উদ্ধার হয়েছে ৭ মিমি পিস্তলে ব্যবহৃত ৬১ রাউন্ড কার্তুজের খোল, ৬৬৬ রাউন্ড নতুন কার্তুজ, একটি রাইফেল, একটি এয়ারগান এবং ৩টি মেটালিক প্যালেট বুলেট।

এই বিপুল পরিমাণ অস্ত্র ও নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তকারীদের অনুমান, এর সঙ্গে আরও বড় কোনও চক্র জড়িত থাকতে পারে। ইতিমধ্যেই উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ।

অভিযুক্ত অজিত সাহা ও সুজিত সাহার বিরুদ্ধে একাধিক নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার তাঁদের বারাসাত আদালতে তোলা হয়। গোবরডাঙ্গা থানার পুলিশ আদালতের কাছে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে, যাতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গোটা ঘটনার গভীরে পৌঁছানো যায়।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিরোধীদের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব খাটিয়ে বেআইনি কাজ চালানো হচ্ছিল। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এখন দেখার, পুলিশের তদন্তে আর কী কী তথ্য সামনে আসে এবং এই ঘটনার সঙ্গে আরও কারও যোগসূত্র পাওয়া যায় কি না।