AMAR BANGLA NEWS

নোয়াপাড়ায় অর্জুন সিংয়ের জনতার দরবার, অভিযোগ শুনে পাশে থাকার আশ্বাস মন্ত্রীর

নোয়াপাড়ায় অর্জুন সিংয়ের জনতার দরবার, অভিযোগ শুনে পাশে থাকার আশ্বাস মন্ত্রীর “৪ তারিখের পর ভয় আউট, ভরসা ইন”— এই স্লোগানকে...

নোয়াপাড়ায় অর্জুন সিংয়ের জনতার দরবার, অভিযোগ শুনে পাশে থাকার আশ্বাস মন্ত্রীর

“৪ তারিখের পর ভয় আউট, ভরসা ইন”— এই স্লোগানকে সামনে রেখে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের নীলগঞ্জ মাতারাঙ্গী এলাকায় জনতার দরবার করলেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং

বিধায়ক হওয়ার পর প্রথমবারের মতো আয়োজিত এই জনতার দরবারে এলাকার বহু মানুষ উপস্থিত হয়ে নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে জমি দখল, বাড়ি দখল, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অত্যাচারের শিকার হতে হয়েছে তাঁদের। এতদিন ভয়ের কারণে মুখ খুলতে না পারলেও, জনতার দরবারে এসে নিজেদের ক্ষোভ ও অভিযোগ সরাসরি বিধায়কের সামনে তুলে ধরেন তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দৌরাত্ম্যে তাঁদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। এদিন তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন অর্জুন সিং এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

অর্জুন সিং বলেন, “দীর্ঘ পনেরো বছর ধরে তৃণমূলের নেতা-কর্মীরা সাধারণ মানুষের ওপর জুলুমবাজি চালিয়েছে। মানুষের জমি-বাড়ি দখল, ভয় দেখানো এবং অত্যাচারের বহু অভিযোগ সামনে আসছে। এসব কোনওভাবেই বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের ন্যায়বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা কাজ করব।”

জনতার দরবারকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে এবং বহু মানুষ তাঁদের সমস্যার সমাধানের আশায় বিধায়কের কাছে আবেদন জানান।