ভুমিকম্প, থেকে যেকোনো বিপর্যয় মোকাবিলায় মোবাইল নেটওয়ার্ক ছাড়াই কীভাবে বার্তা পৌঁছবে? সোদপুর রেলওয়ে পার্কে তার মকড্রিল করলো হ্যাম রেডিও
বিপর্যয়ের সময় মোবাইল ফোন বা স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে গেলে কীভাবে জরুরি বার্তা পৌঁছে দেওয়া সম্ভব—তা হাতে-কলমে দেখাতে সোদপুর রেলওয়ে পার্কে আয়োজন করা হল বিশেষ মকড্রিল এক্সারসাইজ
ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব এবং ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এর উদ্যোগে আয়োজিত এই মকড্রিলের মূল উদ্দেশ্য ছিল যুব সমাজকে বিপর্যয় মোকাবিলায় বিকল্প যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে সচেতন করা।
প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, বন্যা বা অন্য কোনও জরুরি পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। সেই পরিস্থিতিতে রেডিও যোগাযোগের মাধ্যমে কীভাবে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত জরুরি বার্তা পৌঁছে দেওয়া যায় এবং বিপদগ্রস্ত মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কীভাবে যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, মকড্রিলের মাধ্যমে তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রেডিও স্টেশনের একাধিক কর্মী, কমিউনিকেশন ও ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের উপস্থিতিতে বিপর্যয়ের সময় যোগাযোগ ব্যবস্থা সচল রাখার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।
আয়োজকদের বক্তব্য, বিপর্যয়ের সময় মোবাইল ফোনের উপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে বিকল্প যোগাযোগ ব্যবস্থার বিষয়ে যুব সমাজকে প্রশিক্ষিত করা অত্যন্ত জরুরি। এই ধরনের মকড্রিল ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয়ের সময় সাধারণ মানুষকে দ্রুত সতর্ক করা এবং উদ্ধারকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।