৬ লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ ইউটিউবার উজ্জ্বল সরকারের বিরুদ্ধে! এফআইআরের ২৪ ঘণ্টা পরও অধরা, ক্ষোভ ব্যবসায়ীর!
সোশ্যাল মিডিয়ার প্রভাব ও সাংবাদিকতার পরিচয় দিয়ে স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৬ লক্ষাধিক টাকা আদায়ের বিস্ফোরক অভিযোগ উঠল ইউটিউবার উজ্জ্বল সরকারের বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে নদিয়ার চাকদহ, রানাঘাট ও সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নদিয়া জেলার বিশিষ্ট মোবাইল ডিস্ট্রিবিউটর ও রিয়েল এস্টেট ব্যবসায়ী সুজিত ঘোষের অভিযোগ, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে বিভিন্ন দফায় তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ এই অর্থ আদায় করেছে উজ্জ্বল সরকার। এর মধ্যে দেড় লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং সাড়ে তিন লক্ষ টাকারও বেশি নগদ নেওয়া হয়েছে বলে ব্যবসায়ীর দাবি। এই মর্মে ব্যাঙ্কের তথ্যপ্রমাণ সহ সংশ্লিষ্ট থানায় লিখিত এফআইআর দায়ের করা হলেও ঘটনার ২৪ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পরেও অভিযুক্তকে পাকড়াও করতে পারেনি পুলিশ। প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ উগরে দিয়ে অবিলম্বে অভিযুক্তের গ্রেফতারির দাবি জানিয়েছেন ব্যবসায়ী সুজিত ঘোষ; অন্যথায় অন্যান্য ভুক্তভোগীদের সাথে নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।