বারাণসীর মেডিকেল হোস্টেলে উত্তরপাড়ার মেধাবী ছাত্র ঋত্বিকের অস্বাভাবিক মৃ*ত্যু
বারাণসীর মেডিকেল কলেজের হোস্টেল থেকে উদ্ধার হল উত্তরপাড়ার মেধাবী ছাত্র ঋত্বিক কুন্ডু-র দেহ। ঘটনার খবর হুগলিতে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে উত্তরপাড়ার ১৪ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্র এভিনিউ এলাকায়। ঋত্বিকের বাড়ি উত্তরপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্র এভিনিউতে। দোতলা বাড়িটায় এখন শুধুই নিস্তব্ধতা। গেটে তালা ঝুলছে। ঋত্বিকের বাবা অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী, মা গৃহবধূ। দুই ভাই-বোনের মধ্যে ঋত্বিক ছোট। দিদির বিয়ে হয়ে গিয়েছে।
ঘটনার খবর পেয়েই পরিবারের সদস্যরা বারাণসীর উদ্দেশে রওনা দিয়েছেন। গোটা পাড়া শোকস্তব্ধ। প্রতিবেশীরা বিশ্বাসই করতে পারছেন না, হাসিখুশি ছেলেটা আর নেই।
ঋত্বিকের বায়োলজির শিক্ষক শুভ্র মিত্র বলেন, ঋত্বিক অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও ছিল মেধাবী। স্কুলে ওর ভারী সুনাম ছিল।
জয়েন্ট এন্ট্রান্সে ভাল র্যাঙ্ক করে প্রথমে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয় ঋত্বিক। পরে সে সুযোগ পায় Institute of Medical Sciences, Banaras Hindu University (IMS-BHU)-তে। সেখানকার হোস্টেলেই থাকত সে।
এই ঘটনায় তার বাল্যবন্ধু দেবজিৎ ভট্টাচার্য বলেন, আমার ছোটবেলাকার একসাথে খেলাধুলা করেছি। তবে মাঝে কয়েকটা বছর যোগাযোগ ছিল না আমার সাথে। আজ বিকেলে বেলা খবরটা পাওয়ার পরেই খুব দুঃখ লাগলো। কিছুদিন আগে আমার মায়ের সাথে কথা বলেছিল, তখনো ভাবতে পারেনি এই ঘটনা ও ঘটাতে পারে।