AMAR BANGLA NEWS

রাজ্যবাসীকে তোলাবাজি, সিন্ডিকেট রাজ ও দুর্নীতির হাত থেকে মুক্তি দিতে এবং পুলিশকর্মীদের কর্ম পরিবেশ উন্নত করতে একাধিক বড় পদক্ষেপ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী

রাজ্যবাসীকে তোলাবাজি, সিন্ডিকেট রাজ ও দুর্নীতির হাত থেকে মুক্তি দিতে এবং পুলিশকর্মীদের কর্ম পরিবেশ উন্নত করতে একাধিক বড় পদক্ষেপ ঘোষণা...

রাজ্যবাসীকে তোলাবাজি, সিন্ডিকেট রাজ ও দুর্নীতির হাত থেকে মুক্তি দিতে এবং পুলিশকর্মীদের কর্ম পরিবেশ উন্নত করতে একাধিক বড় পদক্ষেপ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। ভবানী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাফিক পুলিশকর্মীদের হাতে ২০ হাজার ‘রেইন প্রোটেকশন গিয়ার কিট’ তুলে দেওয়ার পাশাপাশি ৪টি বিশেষ টোল-ফ্রি হেল্পলাইন নম্বরের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

অভিযোগ জানাতে ৪টি নতুন টোল-ফ্রি হেল্পলাইন নম্বর

সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং যেকোনো ধরনের অবৈধ কার্যকলাপ ঠেকাতে রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা হলো ২৪ ঘণ্টা সচল থাকা ৪টি হেল্পলাইন নম্বর। নবান্নে তৈরি বিশেষ কন্ট্রোল রুমের মাধ্যমে আধুনিক প্রযুক্তির সাহায্যে এই অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তি করা হবে।

সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ: ১৮০০-৩৪৫-০১৬৬ (বা ১৫৫৩৩৫)

কাটমানি ও তোলাবাজি: ১৮০০-৩৪৫-০১৬৭ (বা ১৫৫৩৩৪)

অবৈধ রোড ট্যাক্স ও টোল আদায়: ১৮০০-৩৪৫-০১৬৮ (বা ১৫৫৩৩৭)

অবৈধ চোলাই ও মদ সংক্রান্ত: ১৮০০-৩৪৫-০১৬৯ (বা ১৫৫৩৩৯)

মুখ্যমন্ত্রী সাফ জানান, “কোনো ব্যক্তিগত প্রতিহিংসা বা মিথ্যা তথ্য দিয়ে এই নম্বরগুলির অপব্যবহার করা যাবে না। সঠিক তথ্য দিলে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে।”

পুলিশ কর্মীদের জন্য মানবিক উদ্যোগ ও রেইন কিট বণ্টন

ঝড়-বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশকর্মীদের কষ্টের কথা ভেবে ২০ হাজার রেইনকোট, গামবুট ও ছাতার ‘মনসুন প্রোটেকশন কিট’ বিতরণের সূচনা করা হয়। হিডকো ও এনকেডিএ-র সহযোগিতায় এই কিটগুলি রাজ্য ও কলকাতা পুলিশের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

পুলিশ বাহিনীর আধুনিকীকরণ ও কল্যাণমুখী বার্তা

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পুলিশের পরিকাঠামো ও আধুনিকীকরণে একাধিক ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরেন:

নতুন নিয়োগ: ধাপে ধাপে ১ লক্ষ নতুন পুলিশকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত ১৪,০০০ কনস্টেবলকে দুর্গাপূজার আগেই কাজে যোগ দেওয়ানো হবে।

থানার পরিকাঠামো উন্নয়ন: রাজ্যের ২৫০-৩০০টি থানাকে পানীয় জল, ভালো ব্যারাক ও জিমসহ আধুনিক সুযোগ-সুবিধায় সাজিয়ে তোলা হবে।

আর্থিক সুবিধা ও ভাতা: আগামী অক্টোবর মাস (দুর্গাপূজা)-এর আগেই ২০% ডিএ (DA) প্রদান করা হবে। পাশাপাশি পুলিশের রেশন ভাতা ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হলো।

বদলি নীতি: ১৫ বছরের বেশি সময় কর্মরত মহিলা পুলিশ ও কনস্টেবলদের তাঁদের নিজ জেলা বা পার্শ্ববর্তী জেলায় পোস্টিং দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশিক্ষণ ও প্রযুক্তি: জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) আদলে রাজ্যে SIA গঠন এবং গুজরাটের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় ও বিএসএফ সেন্টারে পুলিশকর্মীদের উচ্চতর প্রশিক্ষণে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।