অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিভ্রান্তি, আইসিডিএস কেন্দ্রে মহিলাদের বিক্ষোভ
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া নিয়ে বিভ্রান্তির অভিযোগে এবার ঝাড়গ্রাম শহরের ১০ নম্বর ওয়ার্ডের নিউ টাউনশিপ এলাকার মহিলারা বিক্ষোভ দেখালেন। অভিযোগ, নিউ টাউনশিপ আইসিডিএস কেন্দ্রের দিদিমণি মহিলাদের জানিয়েছেন, তাঁদের কারও অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা যাবে না। এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভ তৈরি হয় মহিলাদের মধ্যে। এরপর তাঁরা আইসিডিএস কেন্দ্রে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান।
ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন বিজেপির টাউন সভাপতি ও ঝাড়গ্রাম জেলা যুব সভাপতি। তাঁদের অভিযোগ, সরকার পরিবর্তন হয়ে গেলেও ওই আইসিডিএস কেন্দ্রের দিদিমণি এখনও পুরনো রাজনৈতিক মানসিকতা নিয়ে কাজ করছেন এবং সাধারণ মহিলাদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
বিজেপি নেতৃত্বের দাবি, বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় যারা পাওয়ার উপযুক্ত, তাঁদের প্রত্যেকের অ্যাকাউন্টেই টাকা পৌঁছবে। তাই মহিলাদের বিভ্রান্ত হওয়ার কোনও কারণ নেই।
বিষয়টি নিয়ে বিজেপির পক্ষ থেকে ঝাড়গ্রামের এসডিওর কাছেও অভিযোগ জানানো হয়েছে বলে দাবি নেতৃত্বের। এখন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে তৈরি হওয়া এই বিভ্রান্তির কীভাবে সমাধান হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন ১০ নম্বর ওয়ার্ডের মহিলারা।