তৃণমূলের পরিচয় দিয়ে ১২ বছর ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র দখল, অবশেষে উচ্ছেদ করল পুলিশ
তৃণমূলের পরিচয় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘ ১২ বছর ধরে শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র দখল করে বসবাস করার অভিযোগ উঠল এক পরিবারের বিরুদ্ধে। অবশেষে প্রায় এক যুগ পর সেই বেদখল হওয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র খালি করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের কাশিনগর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৩-১৪ সালে শিশুদের প্রাথমিক শিক্ষা ও পুষ্টির উদ্দেশ্যে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নির্মাণ করা হয়েছিল। অভিযোগ, নির্মাণের পর থেকেই পাশের বাড়ির বাসিন্দা অনিতা বসাক নামের এক মহিলা নিজের বাড়ি তৈরির নাম করে সাময়িকভাবে ওই কেন্দ্রে আশ্রয় নেন। গ্রামবাসীদের দাবি, কদিনের জন্য থাকতে এসে পরবর্তীতে তিনি আর ঘর ছাড়তে রাজি হননি। উলটে তৃণমূল কর্মী পরিচয় দিয়ে ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সপরিবারে সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। কেন্দ্রের ভেতরে খাট, টিভি, ফ্রিজ ও রান্নার গ্যাসসহ একটি আস্ত সংসারের সমস্ত সামগ্রী ঢুকিয়ে নেওয়া হয়েছিল। ফলে শিশুদের শিক্ষার উদ্দেশ্যে তৈরি কেন্দ্রটিতে একদিনের জন্যও পড়াশোনা শুরু করা যায়নি।
গ্রামবাসীদের অভিযোগ, এর আগে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি। ঘর ছাড়ার কথা বললে বা প্রতিবাদ করতে গেলে পুলিশ প্রশাসন ও রাজনৈতিক ক্ষমতার ভয় দেখিয়ে গ্রামবাসীদের হুমকি দেওয়া হতো, এমনকি মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ও দেখানো হতো। এছাড়া ওই ঘরটিতে নিয়মিত তৃণমূল নেতাদের আনাগোনা ও বৈঠক চলত বলেও স্থানীয়দের দাবি।
সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হতেই স্থানীয় বাসিন্দারা বিষয়টি বেনিয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধানের নজরে আনেন। অভিযোগ পেয়েই পঞ্চায়েত প্রধান ঘটনাস্থলে পৌঁছান এবং পুলিশকে খবর দেন। এরপরই পুলিশ এসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি খালি করার প্রক্রিয়া শুরু করে। কেন্দ্রের ভেতর থেকে খাট, টিভি, রান্নার গ্যাসসহ সমস্ত সামগ্রী বের করে দেওয়া হয়।
বেনিয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান জাকির হোসেন জানান, ২০১৩-১৪ সালে আইসিডিএস সেন্টারটি হওয়ার পর থেকেই তৃণমূলের প্রভাব খাটিয়ে এক মহিলা পরিবার নিয়ে ঘরটি দখল করে রেখেছিলেন। গ্রামবাসীদের হুমকি দেওয়া হতো। রাজ্যে সরকার বদল হতেই মানুষ সাহস পেয়ে আমাকে জানান। আমি আধিকারিকদের বলার পর আজ পুলিশ এসে ঘরটি খালি করেছে। আগামী দিনে এখানে যাতে আবার শিশুদের পড়াশোনা শুরু হয়, আমরা সেই উদ্যোগ নিচ্ছি।
অন্যদিকে, এই ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র নিশানা করেছে বিজেপি। বিজেপির দক্ষিণ মালদা জেলা কমিটির সদস্য দেবাশীষ বোস জানান, তৃণমূলের আমলে ক্ষমতার অপব্যবহার করে এমন দুর্নীতি ও দখলদারি বহু জায়গায় হয়েছে। নতুন সরকার আসার পর এই সমস্ত বেআইনি কাজ বন্ধ করা হচ্ছে। পুলিশ প্রশাসন এখন নিরপেক্ষভাবে কাজ করতে পারছে, একে আমরা স্বাগত জানাই। আমরা চাই ওই আইসিডিএস সেন্টারে দ্রুত শিশুদের পড়াশোনা চালু হোক।
দীর্ঘ ১২ বছর পর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি মুক্ত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কাশিনগরের বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা চায়না ঘোষ বলেন, বাড়ি তৈরির কথা বলে অনিতা বসাক মেয়েকে নিয়ে কদিনের জন্য এই ঘরে ঢুকেছিলেন। তারপর আর বের হননি। প্রতিবাদ করলেই আমাদের হুমকি দেওয়া হতো। আজ সরকার পরিবর্তন হওয়ায় মানুষ স্বস্তি পেয়েছে, প্রশাসনও কাজ করেছে। আমরা চাই অবিলম্বে এখানে দিদিমণিরা আসুন এবং শিশুদের পড়াশোনা শুরু হোক।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, পুলিশ অভিযোগ শুনে ঘটনাস্থলে গিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দখল মুক্ত করা হয়।