বিরোধীদের সমালোচনার মাঝেই নির্বাচন কমিশনের ভূমিকার পক্ষে সওয়াল করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
শ্যামনগরে এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশন যে কাজ করছে, সেটা একেবারেই সঠিক। নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়, সেই লক্ষ্যেই কমিশন চেষ্টা চালাচ্ছে।”
তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে দিলীপ ঘোষ আরও বলেন, “তৃণমূল একাধিকবার আদালতে কানমোলা খেয়েছে। এবার একটু নিশ্বাস নেওয়ার জায়গা পেয়েছে বলেই এত কথা বলছে। আসলে তারা জানে, স্বচ্ছ নির্বাচন হলে মানুষের প্রকৃত রায় সামনে আসবে।”
শ্যামনগর থেকে এদিন সরাসরি রাজ্যের শাসকদলকে আক্রমণ করে বিজেপি নেতা অভিযোগ করেন, তৃণমূল সবসময় প্রশাসন ও প্রতিষ্ঠানগুলির উপর চাপ সৃষ্টি করে নিজেদের সুবিধা আদায় করতে চেয়েছে। কিন্তু নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করায় তাদের সেই চেষ্টা সফল হচ্ছে না।
তাঁর দাবি, গণতন্ত্র রক্ষার স্বার্থেই কমিশনের কঠোর পদক্ষেপ জরুরি এবং সাধারণ মানুষও সুষ্ঠু ভোট প্রক্রিয়াই চাইছেন।