AMAR BANGLA NEWS

ফের মালদার কালিয়াচকে চলল গুলি

ফের মালদার কালিয়াচকে চলল গুলি! এবারে দিনে-দুপুরে প্রকাশ্য দিবালোকে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা। এক রেশন ডিলারের বাড়ি লক্ষ্য করে একাধিক...

ফের মালদার কালিয়াচকে চলল গুলি! এবারে দিনে-দুপুরে প্রকাশ্য দিবালোকে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা। এক রেশন ডিলারের বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি চালনার ঘটনায় বুধবার ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হল মালদার কালিয়াচকের মোজমপুর এলাকায়। রেশম ডিলারসিপ পাওয়া নিয়ে এই গন্ডগোল বলে জানা গেছে। রেশম ডিলারসিপ না ছাড়ায় একদল দুস্কৃতী এদিন ডিলার বাড়িতে হামলা করে। গত দু-দিন ধরে কালিয়াচকে একের পর এক দুষ্কৃতীমূলক কর্মকান্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়লেন কালিয়াচকবাসী। উল্লেখ্য, মঙ্গলবার সাত সকালে কালিয়াচকের এক ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ইংরেজবাজার থানায় এলাকায়। সেই ঘটনায় ওই ব্যবসায়ীকে অপহরণের পর গুলি করে খুন করার অভিযোগ ওঠে। এর কয়েক ঘন্টা পর রাত নামতে নামতেই ফের কালিয়াচকের জালালপুর এলাকায় এক পাঁপড় বিক্রেতাকে বৃদ্ধকে গুলি করে খুন করে ছিনতাইবাজ দুষ্কৃতীরা। এই ঘটনার রেশ কাটতে কাটতেই বুধবার বেলা ২টা নাগাদ প্রকাশ্য দিবালোকে কালিয়াচকের মোজমপুর এলাকায় দুষ্কৃতী দৌরাত্মের ঘটনা ঘটে। এলাকার এক রেশন ডিলারের বাড়ি লক্ষ্য করে পরপর একাধিক গুলি চালানোর অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। যদিও এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে দিনে-দুপুরে গুলি চালনার ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে। তবে কালিয়াচকের একের পর এক দুষ্কৃতী দৌরাত্মের ঘটনা ঘটে চলায় পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।