যু*দ্ধ পরিস্থিতির সুযোগে রমরমিয়ে চলছিল ইন্ডিয়ান গ্যাসের কালোবাজারি, ৪৯টি সিলিন্ডার-সহ গ্রেপ্তার এক
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জোতকমল গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর এলাকার লক্ষ্মী জনার্দনপুরে অবৈধভাবে রান্নার গ্যাস মজুত ও কালোবাজারির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম শ্যামচাঁদ সাহা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং জঙ্গিপুর ফাঁড়ির যৌথ বাহিনী ইসলামপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে ইন্ডিয়ান গ্যাসের সিলিন্ডার মজুত করে একটি বেআইনি গোডাউন চালানো হচ্ছিল বলে অভিযোগ। অভিযানে উদ্ধার হয় ৪৯টি ইন্ডিয়ান গ্যাসের সিলিন্ডার, খালি ও ভর্তি সিলিন্ডার ছাড়াও গ্যাস এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে স্থানান্তরের জন্য ব্যবহৃত একাধিক সরঞ্জাম।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে বাজারে রান্নার গ্যাসের সম্ভাব্য সংকটের সুযোগ নিয়ে মোটা মুনাফার আশায় এই কালোবাজারির চক্র সক্রিয় ছিল। অবৈধভাবে গ্যাস স্থানান্তর করে বেশি দামে বিক্রির অভিযোগও সামনে এসেছে।
পুলিশের দাবি, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। তবে অভিযানের সময় তারা পালিয়ে যায়। ইতিমধ্যেই তাদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে এবং পলাতকদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
ধৃত শ্যামচাঁদ সাহাকে আইন অনুযায়ী গ্রেপ্তার করে আদালতে তোলা হবে। উদ্ধার হওয়া সিলিন্ডার ও সরঞ্জাম বাজেয়াপ্ত করে গোটা চক্রের নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।