অনুব্রত মণ্ডলের কর্মসূচিকে কেন্দ্র করে সাঁইথিয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে
সাঁইথিয়া ব্লকের বনগ্রাম পঞ্চায়েত এলাকায় ফের মাথাচাড়া দিল তৃণমূলের অভ্যন্তরীণ বিরোধ। জেলা নেতা অনুব্রত মণ্ডল ও জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব শুক্রবার প্রকাশ্যে আসে।
এদিন বনগ্রাম পঞ্চায়েতের ভূতনাথ শ্মশানের সামনে SIR নিয়ে একটি কর্মসূচি করার কথা ঘোষণা করেন অনুব্রত মণ্ডল। কিন্তু ওই কর্মসূচিকে ঘিরেই দলের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানসহ মোট ১২ জন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং ৩ জন পঞ্চায়েত সমিতির সদস্য স্পষ্ট জানিয়ে দেন—তাঁরা অনুব্রত মণ্ডলের এই কর্মসূচিতে যোগ দেবেন না।
বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষারকান্তি মণ্ডল অভিযোগ করে বলেন, “আমরা সভাধিপতি কাজল শেখের অনুগামী হওয়ার কারণেই আমাদের এই সভায় ডাকা হয়নি।” এই মন্তব্যের পরই এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও তীব্র হয়েছে বলে রাজনৈতিক মহলের দাবি।