টিকিট ছাড়াই স্টেশনে ঢোকার দিন শেষ! শিয়ালদহ-হাসনাবাদ শাখায় রেলের সাঁড়াশি অভিযান
রেলে বিনা টিকিটে সফরের রোগ সারাতে এবার কড়া দাওয়াই পূর্ব রেলের। বুধবার শিয়ালদহ-হাসনাবাদ শাখার বিভিন্ন স্টেশনে চলল রেলের মেগা টিকিট চেকিং অভিযান। বিশেষ করে কাজীপাড়া স্টেশনে এদিন যে ছবি ধরা পড়ল, তা এককথায় নজিরবিহীন।
রেল সূত্রের খবর, শিয়ালদহ-হাসনাবাদ শাখায় বিনা টিকিটে ভ্রমণের পরিসংখ্যান বাড়তেই নড়েচড়ে বসেছে প্রশাসন। বুধবার বিকেল ৪টে নাগাদ একদল স্পেশাল টিকিট পরীক্ষক কাজীপাড়া স্টেশনে এসে পৌঁছান। আমাদের ক্যামেরায় ধরা পড়ে এক অদ্ভুত দৃশ্য—চেকিং শুরুর ঠিক আগে টিকিট কাউন্টার ছিল প্রায় জনশূন্য। কিন্তু টিটি-দের দেখা মাত্রই মুহূর্তের মধ্যে বদলে যায় স্টেশনের পরিস্থিতি। জরিমানার ভয়ে শয়ে শয়ে যাত্রী দৌড় লাগান কাউন্টারের দিকে। ভিড় এতটাই বেড়ে যায় যে, লাইনের লেজ স্টেশন ছাড়িয়ে রাস্তায় গিয়ে ঠেকে।
এদিন শুধু জরিমানাই নয়, যাত্রীদের সচেতন করতে অভিনব উদ্যোগ নেয় রেল। স্টেশন চত্বরে হ্যান্ড মাইক নিয়ে ঘুরে ঘুরে এনাউন্সমেন্ট করতে দেখা যায় কর্তব্যরত টিকিট পরীক্ষকদের। তাদের স্পষ্ট বার্তা—বৈধ টিকিট ছাড়া প্ল্যাটফর্মে প্রবেশ দণ্ডনীয় অপরাধ। এর পাশাপাশি স্টেশনে থুতু ফেলা বা নোংরা আবর্জনা ছড়ালে গুনতে হবে মোটা জরিমানা।
প্রযুক্তিতে জোর: ‘Railway One’ অ্যাপের পাঠ
কাউন্টারের ভিড় এড়াতে রেলের পক্ষ থেকে যাত্রীদের ডিজিটাল টিকিট কাটার পরামর্শ দেওয়া হয়। বর্তমানের ‘UTS on Mobile’ এখন ‘Railway One’ অ্যাপে রূপান্তরিত হয়েছে। কীভাবে বাড়ি বসেই লোকাল, মান্থলি বা রিজার্ভেশন টিকিট কাটা যায়, তা যাত্রীদের হাতে-কলমে শিখিয়ে দেন রেলকর্মীরা।
সাধারণ যাত্রীদের প্রতিক্রিয়া ও কড়াকড়ি
রেলের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ বৈধ যাত্রীরা। তাদের দাবি, হাসনাবাদ শাখায় এই ধরনের চেকিং প্রতিদিন হওয়া প্রয়োজন। এদিন সাধারণ যাত্রীরা ভুল করে ভেন্ডার কম্পার্টমেন্টে উঠে পড়ায় তাদেরও জরিমানা করা হয়। রেল স্পষ্ট জানিয়েছে, ভেন্ডার বা লেডিস কামরায় নিয়ম ভাঙলে কোনো ছাড় দেওয়া হবে না।
শিয়ালদহ-হাসনাবাদ শাখার পাশাপাশি এদিন বনগাঁ, বিরা ও বারাসাত স্টেশনেও চলে এই বিশেষ ধরপাকড়। রেল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে এই অভিযান আরও তীব্র করা হবে। তাই পকেট বাঁচাতে এবং সম্মান রক্ষা করতে স্টেশনে প্রবেশের আগেই টিকিট কাটার পরামর্শ দিচ্ছে পূর্ব রেল।