AMAR BANGLA NEWS

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ শতাধিক, মিনাখাঁয় চাঞ্চল্য

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ শতাধিক, মিনাখাঁয় চাঞ্চল্য   বসিরহাট মহকুমার মিনাখাঁর খড়িবেড়িয়া এলাকায় খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়লেন শতাধিক মানুষ।...

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ শতাধিক, মিনাখাঁয় চাঞ্চল্য

 

বসিরহাট মহকুমার মিনাখাঁর খড়িবেড়িয়া এলাকায় খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়লেন শতাধিক মানুষ। জানা গিয়েছে, এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে গ্রামের বহু মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান উপলক্ষে খাবারের ব্যবস্থাও করা হয়। খাওয়ার পর থেকেই একে একে অসুস্থ হতে শুরু করেন গ্রামবাসীরা। সময়ের সঙ্গে সঙ্গে দ্রুত বাড়তে থাকে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা, যা ইতিমধ্যেই শতাধিক ছাড়িয়েছে। ভোর থেকে পাতলা পায়খানা, বমি, জ্বর ও পেটের ব্যথার উপসর্গ নিয়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন।এর মধ্যে বেশ কয়েকজনকে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও গ্রামে বহু মানুষ অসুস্থ অবস্থায় রয়েছেন। হাসপাতালে একের পর এক অনেককেই ভর্তি করা হচ্ছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, খাদ্যে বিষক্রিয়ার জেরেই এই ডায়রিয়ার প্রাদুর্ভাব ঘটেছে। স্বাস্থ্য দফতর পরিস্থিতির ওপর নজর রাখছে।এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্যকর্মীরা গ্রামে পৌঁছে অসুস্থদের প্রাথমিক চিকিৎসা শুরু করেছেন। প্রয়োজনীয় ওআরএস ও ওষুধ বিতরণ করা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপরতা শুরু হয়েছে।