কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ
২০২৬ বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই তপ্ত তিলোত্তমা। নির্বাচন কমিশনের নির্দেশে শহর কলকাতার রাজপথে শুরু হলো কেন্দ্রীয় বাহিনীর এরিয়া ডমিনেশন বা রুট মার্চ।
১ মার্চ থেকেই কলকাতায় পৌঁছেছে প্রথম দফার বাহিনী। আজ শহরের উত্তর থেকে দক্ষিণ—বিভিন্ন স্পর্শকাতর এলাকায় ফ্ল্যাগ মার্চ করছেন জওয়ানরা।
ভোটারদের ভয় কাটাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভোট ঘোষণার আগেই এই পদক্ষেপ নিয়েছে কমিশন।
কলকাতায় প্রথম দফায় ১২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। আগামী ১০ মার্চের মধ্যে শহরে আরও ১৮ কোম্পানি বাহিনী আসার কথা, যা মিলিয়ে মোট সংখ্যা দাঁড়াবে ৩০ কোম্পানি।
নির্বাচন কমিশনের স্পষ্ট বার্তা—অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতেই এই আগাম সতর্কতা।