AMAR BANGLA NEWS

রবিবার সকালে সাতসকালে ধুন্ধুমার কাণ্ড পূর্ব যাদবপুর থানা এলাকায়

রবিবার সকালে সাতসকালে ধুন্ধুমার কাণ্ড পূর্ব যাদবপুর থানা এলাকায়। যাদবপুর হাই স্কুলের সামনের শতাব্দী প্রাচীন খেলার মাঠ দখলকে কেন্দ্র করে...

রবিবার সকালে সাতসকালে ধুন্ধুমার কাণ্ড পূর্ব যাদবপুর থানা এলাকায়। যাদবপুর হাই স্কুলের সামনের শতাব্দী প্রাচীন খেলার মাঠ দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল স্থানীয় বাসিন্দা ও পুলিশের মধ্যে। অভিযোগ, প্রোমোটার রাজ কায়েম করতে একতরফাভাবে মাঠের চারপাশে পাঁচিল তোলার চেষ্টা হয়, যেখানে স্বয়ং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোরে হঠাৎ দেখা যায় মাঠের ভেতর স্তূপাকার ইট, বালি, সিমেন্ট ও জলের ট্যাঙ্ক নামানো হয়েছে। কিছু বুঝে ওঠার আগেই একদল লোক দ্রুত গতিতে মাঠের চারধারে পাঁচিল তোলার কাজ শুরু করে। পাড়ার লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে জড়ো হন এবং কাজে বাধা দেন।

এলাকাবাসীর গুরুতর অভিযোগ, যাদবপুর থানার সেকেন্ড অফিসার নিজে দাঁড়িয়ে থেকে এই পাঁচিল তোলার কাজে নেতৃত্ব দিচ্ছিলেন। প্রতিবাদ করতে গেলে স্থানীয় এক প্রবীণ ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। এর ফলে পুলিশের সঙ্গে এলাকাবাসীর তীব্র ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।