নবদ্বীপে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, চালককে মারধরের অভিযোগ, থানায় ধর্না বিজেপির
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নদীয়ার নবদ্বীপে উত্তেজনার পারদ চড়ল বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামীর গাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে।
শুক্রবার ব্যাদরাপাড়া গুমটি এলাকায় প্রচারে গিয়ে তাঁর গাড়ির উপর আচমকা হামলার অভিযোগ ওঠে।
অভিযোগ অনুযায়ী, দুই দুষ্কৃতী হঠাৎ করেই গাড়ির উপর চড়াও হয় এবং চালককে হেনস্থা ও মারধর করে।
যদিও সেই সময় গাড়িতে উপস্থিত ছিলেন না বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকরা দ্রুত রাস্তায় নেমে পড়েন। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। ফলে কিছু সময়ের জন্য ওই অঞ্চলে যান চলাচল ব্যাহত হয়।
পরবর্তীতে বিক্ষোভকারীরা নবদ্বীপ থানায় গিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন।
দীর্ঘ সময় ধরে থানায় চাপ সৃষ্টি করার পর লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ প্রশাসনের আশ্বাসের পর অবশেষে বিক্ষোভ তুলে নেন বিজেপি কর্মীরা।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী বলেন, “নির্বাচনের আগে বিরোধীদের কণ্ঠরোধ করতেই এই ধরনের হামলা চালানো হচ্ছে। হয়তো টার্গেট আমি-ই ছিলাম। এখন নিজের নিরাপত্তা নিয়েও ভাবতে হচ্ছে। নবদ্বীপে শান্তি আছে ঠিকই, তবে তা শ্মশানের শান্তি।”
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। নবদ্বীপ শহর তৃণমূল সভাপতি সুজিত সাহা বলেন, “এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। প্রশাসন তদন্ত করুক। নবদ্বীপে তৃণমূলের জয় সময়ের অপেক্ষা, এখন দ্বিতীয় ও তৃতীয় স্থান নিয়ে লড়াই করছে বিজেপি ও সিপিএম।”
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে সূত্রের খবর।
সমগ্র ঘটনাকে ঘিরে নবদ্বীপ শহর জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য, ভোটের আগে এই ঘটনা রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ বাড়াল বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।