AMAR BANGLA NEWS

বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক ঘিরে ফের বিতর্ক সামনে এল

বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক ঘিরে ফের বিতর্ক সামনে এল। দীর্ঘদিন পর আজ রবিবার বীরভূমের সিউড়িতে কোর কমিটির...

বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক ঘিরে ফের বিতর্ক সামনে এল। দীর্ঘদিন পর আজ রবিবার বীরভূমের সিউড়িতে কোর কমিটির বৈঠক ডাকা হলেও, বৈঠকের স্থান নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। দলীয় কার্যালয় বাদ দিয়ে সরকারি সিউড়ি সার্কিট হাউজে বৈঠক হওয়ায় প্রশ্ন উঠেছে—কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল?

এই বিতর্ক প্রসঙ্গে প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা বিকাশ রায় চৌধুরী দাবি করেন, বৈঠকে কিছু উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, সেই কারণেই সার্কিট হাউজে বৈঠক করা হয়েছে।

এ প্রসঙ্গে কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ জানান, সার্কিট হাউজে বৈঠক ডাকার কারণ কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডলই বলতে পারবেন। তাঁর দাবি, তাঁকে সিউড়িতে বৈঠকের কথা জানানো হয়েছিল। সেই অনুযায়ী তিনি প্রথমে দলীয় কার্যালয়ে পৌঁছান। পরে জানতে পারেন, অনুব্রত মণ্ডলের আবাসস্থলেই বৈঠক হচ্ছে, তারপর সেখানেই যান তিনি।

এদিকে এই কোর কমিটির বৈঠকেই ফের প্রকাশ্যে আসে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বন্দ্ব। দলীয় সূত্রে খবর, বৈঠকের মধ্যেই দুবরাজপুর এলাকায় কমিটি গঠন থেকে শুরু করে জেলার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে দুই নেতৃত্বের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।

সামনে বিধানসভা নির্বাচন। তার আগে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকে বারবার এই অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় শাসক দলের অস্বস্তি যে বাড়ছে, তা স্পষ্ট বলেই মনে করছেন রাজনৈতিক মহল।