যদি সুইচ টিপে ছেলেগুলোকে বলি একটু ডিজে বাজিয়ে দে, তাহলে রাস্তায় বেরোতে পারবেন? সবংয়ে তৃণমূলের ‘উন্নয়নের সংলাপ’ মঞ্চ থেকে কড়া নিদান মন্ত্রী মানস ভূঁইয়ার, শুরু রাজনৈতিক তরজা
নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বিষ্ণুপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ‘উন্নয়নের সংলাপ’ সভা কার্যত রাজনৈতিক আগুনে গরম হয়ে উঠল। সোমবার মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশে তীব্র ভাষায় আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। তিনি স্পষ্ট করে বলেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন “বদলা নয়, বদল চাই।”
মন্ত্রী বলেন, “রবীন্দ্র সংগীত চলবে, তার সঙ্গে একটু ডিজে ঢাকঢাক করে বাজবে। আমরা যদি সুইচ টিপে ছেলেগুলোকে বলি একটু ডিজে বাজিয়ে দে তাহলে রাস্তায় বেরোতে পারবেন? চায়ের দোকান, মিষ্টির দোকান, সেলুন দোকান খোলা থাকবে? একটু ডিজে বেজে যাবে, কী হবে তখন?” এই মন্তব্যের পরই সভামঞ্চে তুমুল করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। এরপরই কড়া সুরে তিনি সতর্ক করে দেন “অতএব সাধু সাবধান, খুব সাবধান।” ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বিজেপিকে নিশানা করে আরও এক ধাপ এগিয়ে মানস ভুঁইয়া বলেন, “যাঁরা সিপিএম থেকে রং বদল করে পদ্মফুলের চাষি হয়েছেন, তাঁদের জিজ্ঞেস করছি কেন্দ্রের বিজেপি সরকার কি এক পয়সাও দিয়েছে?” তাঁর বক্তব্যে রাজ্য ও কেন্দ্রের টানাপোড়েনের প্রসঙ্গ উঠে আসে স্পষ্টভাবেই। তৃণমূলের উন্নয়নের দাবি এবং কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সভা থেকে রাজনৈতিক বার্তা ছুড়ে দেন মন্ত্রী। সবংয়ের রাজনৈতিক মহলে এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন করে তরজা।